কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের এক যুবক তাইজুল ইসলাম এখন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ। ‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত এই তরুণ সম্প্রতি জিলাপির দাম নিয়ে করা একটি ভিডিওর মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন।
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ বিকেলে উপজেলার নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে মুঠোফোনে ভিডিওটি ধারণ করেন তাইজুল। ভিডিওতে দেখা যায়, তিনি এক দোকানিকে জিলাপির দাম সম্পর্কে জিজ্ঞাসা করছেন এবং তা সরকারি দরের সঙ্গে মিলছে কি না, সে বিষয়ে প্রশ্ন তুলছেন। তাঁর সরল ও ভাঙা ভাঙা উপস্থাপনাই দর্শকদের দৃষ্টি কাড়ে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। মঙ্গলবার সকাল পর্যন্ত ভিডিওটির ভিউ হয়েছে প্রায় ৫৯ লাখ। ভিডিও ভাইরাল হওয়ার আগে তাঁর ‘তাজু ভাই ২.০’ পেজের অনুসারী ছিল প্রায় ছয় হাজার, যা বর্তমানে বেড়ে প্রায় তিন লাখে দাঁড়িয়েছে।
তবে ভাইরাল হওয়া এই তরুণের জীবনের গল্প ভিন্ন। নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা তাইজুল ছয় ভাই–বোনের মধ্যে বড় এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অভাবের কারণে তিনি কখনো বিদ্যালয়ে যেতে পারেননি।
রাজধানীতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করার ফাঁকে শখের বসে ভিডিও তৈরি শুরু করেন তিনি। তাইজুল বলেন, “আমার মা–বাবা অসুস্থ, দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবারের দুঃখকষ্ট ভুলতেই ভিডিও করি। আমি কোনো সাংবাদিক না।”
তিনি জানান, ভিডিও তৈরির পেছনে তাঁর আরেকটি উদ্দেশ্য রয়েছে—চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, দুঃখ–দুর্দশা এবং উন্নয়নবঞ্চনার চিত্র তুলে ধরা। তাঁর মতে, অনেক সময় মূলধারার সাংবাদিকেরা এসব এলাকায় যান না, তাই নিজের ভিডিওর মাধ্যমেই তিনি সেসব তুলে ধরতে চান।
নিজেকে ‘সাধারণ মানুষ’ উল্লেখ করে তাইজুল বলেন, ভুল হলে তা স্বীকার করতে তিনি প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা বা ট্রল তাঁকে তেমন বিচলিত করে না। বরং তিনি চান, তাঁর এলাকার মানুষের কথা সবাই জানুক এবং চরাঞ্চলের উন্নয়ন হোক।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, “তাইজুল কাজের পাশাপাশি বিনোদনমূলক ভিডিও তৈরি করে। তার ভিডিওতে এলাকার উন্নয়নবঞ্চনার কথাও উঠে আসে। উন্নয়নবঞ্চিত এলাকার চিত্র তুলে ধরে ভাইরাল হওয়াটা আমাদের জন্য গর্বের।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।