সকল মেনু

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে “পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত” লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এ ঘোষণা দেন।

খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “ইরানের অখণ্ডতা রক্ষায় আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।”

তিনি স্পষ্ট করেননি যে “পূর্ণাঙ্গ বিজয়” বলতে ঠিক কী বোঝানো হয়েছে। তবে এ মন্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় কোনো ছাড় নেওয়া হবে না—সেটি বোঝাতে বলা হয়েছে।

এদিকে, যুদ্ধের ২৫তম দিনেও ইরানের সামরিক বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশের দুটি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে ৫ দিনের বিরতি ঘোষণা করেছিলেন।

সোমবার এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় প্রক্রিয়া ভালোভাবে চলছে। কিন্তু ইরানি শীর্ষ কর্মকর্তারা এই দাবি অস্বীকার করেছেন এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে বর্তমানে কোনো আলোচনার খবর নেই।

সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি আল-জাজিরা বলেছেন, “যদি সংশ্লিষ্ট সব পক্ষ চায়, ইসলামাবাদ সবসময় আলোচনার আয়োজন করতে ইচ্ছুক।”

ইতোমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top