ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।
আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানায়, শুক্রবার ভোররাতে “আমেরিকা-ইহুদিবাদী গোষ্ঠীর সন্ত্রাসী হামলায়” আলি মোহাম্মদ নাঈনি নিহত হন। একই তথ্য ইরানের অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যমও নিশ্চিত করেছে।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরজিসির মুখপাত্র জেনারেল নাঈনির নিহত হওয়ার খবর সম্প্রচার করেছে। তবে তিনি ঠিক কখন নিহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।
খবরে বলা হয়, তেহরানের পূর্বাঞ্চলসহ কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ ও কাশান শহরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কোনটিতে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
৬৮ বছর বয়সী আলি মোহাম্মদ নাঈনি আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং তার বাড়ি কাশান শহরে। ২০২৪ সাল থেকে তিনি সংস্থাটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নিহতের কয়েক ঘণ্টা আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। তার এই বক্তব্যের পরপরই হামলায় নিহত হওয়ার ঘটনায় তৈরি হয়েছে ধোঁয়াশা—তিনি বক্তব্যের আগে নাকি পরে হামলার শিকার হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।
সূত্র: এএফপি, আল জাজিরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।