সকল মেনু

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোকপ্রকাশ, তারেক রহমানকে চিঠি

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চিঠিতে ইয়াও ওয়েন লিখেছেন, “অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপনার প্রিয় মা খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি।” তিনি আরও উল্লেখ করেছেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং স্বাধীনতার অটল পথিকৃৎ হিসেবে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, খালেদা জিয়া চীনা জনগণের একজন প্রিয় বন্ধু ছিলেন এবং তার অবদান বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখেছে। চীনের জনগণ তাকে সর্বোচ্চ শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

চিঠিতে তিনি তারেক রহমানকে জানিয়েছেন, “কমিউনিস্ট পার্টি অব চায়না আপনার নেতৃত্বে থাকা বিএনপির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।” এছাড়াও ইয়াও ওয়েন খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেছেন এবং তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন।

ঢাকায় চীন দূতাবাস তাদের ফেসবুক পেজে এই চিঠি প্রকাশ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top