সকল মেনু

ঢাকার রাস্তায় মানুষের ঢল, গন্তব্য ৩০০ ফিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ৩০০ ফিট এলাকায় সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন সড়কে মানুষের ঢল নেমেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মহাখালী থেকে বিমানবন্দর সড়কসহ আশপাশের এলাকায় মানুষের চলাচল বাড়তে থাকে। অনেকেই যানবাহন না পেয়ে পায়ে হেঁটে ৩০০ ফিটের দিকে রওনা দেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মহাখালী, বনানী, এমইএস ও বিশ্বরোড এলাকায় এমন চিত্র দেখা গেছে। মহাখালী থেকে বিশ্বরোডের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন রাজশাহী থেকে আসা কামরুল ইসলাম (২৫)। তিনি জানান, বন্ধুদের নিয়ে ১৫ জন একসঙ্গে ঢাকায় এসেছেন। বনানী এলাকায় কথা হলে তিনি বলেন, ‘রাতে বাসে ঢাকায় এসেছি। মহাখালী পর্যন্ত আসার পর আর গাড়ি পাইনি। তাই অন্যদের মতো হেঁটেই যাচ্ছি।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তারেক রহমান দেশের বাইরে ছিলেন।

তাঁকে স্বাগত জানাতে রাজশাহী থেকে এসেছেন বলেও জানান তিনি।

এদিকে রাজধানীর জিগাতলা এলাকা থেকে পায়ে হেঁটে ৩০০ ফিটের দিকে যাচ্ছিলেন শামসুল আলম। তিনি বলেন, ‘মহাখালী পর্যন্ত গাড়িতে এসেছি। এরপর ব্যারিকেড থাকায় হেঁটে যেতে হচ্ছে। আমার মতো অনেক মানুষই হেঁটে ৩০০ ফিটের দিকে যাচ্ছেন।’

মিরপুরের ইব্রাহিমপুর এলাকায় বিএনপির নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। বনানী থেকে এমইএস সড়কে পায়ে হাঁটা মানুষের সংখ্যা বাড়ছে। বিশ্বরোড এলাকায় এরই মধ্যে শত শত বাস ও ট্রাকের জটলা দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হচ্ছে। এখনো বিভিন্ন দিক থেকে মিছিল ও বহর আসছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top