সকল মেনু

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

সম্প্রতি সংঘটিত অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সরকার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সব নাগরিককে সহিংসতার বিরুদ্ধে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে শান্তিপূর্ণ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, এমন অল্প কয়েকজনের কারণে এই প্রক্রিয়া ব্যাহত হতে দেওয়া হবে না।

অন্তর্বর্তী সরকার জানায়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার সেই স্বপ্নের সঙ্গে যুক্ত, যার জন্য শহীদ শরীফ ওসমান হাদি তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁর আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণাকে প্রত্যাখ্যান করার মানসিকতা প্রয়োজন।

সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাও বিবৃতিতে উল্লেখ করা হয়। সরকার জানায়, সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। এ ধরনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সরকার বলেছে, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিবৃতির শেষাংশে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এই সংকটময় সময়ে সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top