সকল মেনু

নির্বাচন সহজ হবে না, ভোটের মাধ্যমে জনরায় নিশ্চিত করতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনকে মোটেও সহজ হবে না উল্লেখ করে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা জনগণকে আস্থায় নিয়ে ভোটের মাধ্যমে জনরায় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ব্যক্তিকে নয়, ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, বিএনপি নেতাকর্মীরা নির্বাচন নিয়ে সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। বিএনপি নির্বাচিত হলে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করারও ঘোষণা দেন তিনি।

আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সপ্তাহব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার পঞ্চম দিন বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় সারাদেশ থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন এবং লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান তাঁদের দিকনির্দেশনা দেন।

তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এবারের নির্বাচন কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষের বিজয় না হলে দেশ হুমকির মুখে পড়বে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশকে ‘যুদ্ধবিধ্বস্ত অবস্থায়’ রেখে গেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নিতে বাস্তবতার নিরিখে পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। তিনি দল থেকে যাকে প্রার্থী করা হয়েছে, তাঁর পক্ষে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

তারেক রহমান অভিযোগ করেন, কোনো কোনো দল নির্বাচনে জয়ী হতে মিথ্যা কথা বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। সেই পথে না হেঁটে জনগণকে সঠিক তথ্য তুলে ধরার জন্য তিনি নেতাকর্মীদের তাগিদ দেন।

বিএনপি ক্ষমতায় এলে দেশে সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করার অঙ্গীকারও করেন তারেক রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top