সকল মেনু

দেশে দুর্নীতির কারণে তরুণরা বৈশ্বিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়েছে : ছাত্রশিবির সেক্রেটারি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের তরুণ সমাজ বৈশ্বিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে। বিশ্ব যখন প্রযুক্তিগত উন্নতির সর্বোচ্চ শিখরে, তখন বাংলাদেশে উচ্চশিক্ষিত লাখো তরুণ বেকার হয়ে সমাজের বোঝা হয়ে আছেন। কিন্তু রাষ্ট্র তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শহীদ মিনার চত্বরে ইসলামী ছাত্রশিবির বগুড়া কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় তিনি আরো বলেন, সৎ ও যোগ্য নেতৃত্বই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের যে ধারা তৈরি হয়েছে, তিনি তা জাতীয় সংসদ নির্বাচনেও বজায় রাখার আহ্বান জানান।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বেকারত্ব দূরীকরণ ও সমৃদ্ধশালী কল্যাণরাষ্ট্র গঠনে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি দাবি করেন, সৎ, দক্ষ ও চরিত্রবান নেতৃত্ব তৈরির মাধ্যমেই শিবির সেই লক্ষ্যে কাজ করছে।

তিনি আরো উল্লেখ করেন, অনেক ছাত্রসংগঠন যেখানে শিক্ষার্থীদের উত্তেজনাকেন্দ্রিক রাজনীতিতে জড়ায়, সেখানে শিবির শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, ব্যক্তিত্ব বিকাশ ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (ইফসু)-এর সেক্রেটারি জেনারেল ও বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, শিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার এবং সেক্রেটারি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

তাঁদের ভবিষ্যৎ গঠনে ক্যারিয়ার নির্দেশনা, মূল্যবোধভিত্তিক শিক্ষা ও ইতিবাচক নেতৃত্ব বিকাশ বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এসময় বগুড়া শহর ও জেলা শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top