সকল মেনু

নির্বাচিত হলে জেলেরা হয়রানি ছাড়া নিরাপদে নদীতে মাছ ধরতে পারবে: অ্যাডভোকেট শাহজাহান

চাঁদপুর–৩ (সদর–হাইমচর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, নির্বাচিত হলে জেলেরা হয়রানি ও চাঁদাবাজির শিকার না হয়ে নিরাপদে নদীতে মাছ ধরতে পারবেন।

রোববার সকালে সদর উপজেলার রাজরাজেস্বর ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জেলে ও কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা শোনেন।

অ্যাডভোকেট শাহজাহান বলেন, ‘জেলেদের কাছ থেকে চাঁদা দাবি ও বিভিন্ন হয়রানি এখন বড় সমস্যা। সুযোগ পেলে এসব অন্যায় বন্ধে কাজ করব।’

তিনি আরও বলেন, ইসলামী দলগুলো এবার ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণ সমর্থন দিলে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর দাবি, জামায়াত সরকার গঠনের দায়িত্ব পেলে ঘুষ ছাড়া সরকারি সেবা পাওয়া নিশ্চিত করা হবে।

২০১৪ সালের নির্বাচন প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তখন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি।’ এবারও জনগণ ভোট দিলে কল্যাণরাষ্ট্রের ভিত্তি তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।

গণসংযোগে স্থানীয় নারী–পুরুষ দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানান।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির আফছার উদ্দিন মিয়াজি, চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতারা ও স্থানীয় কয়েকজন শিক্ষক নেতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top