সকল মেনু

সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ মিথ্যার সঙ্গে লড়াই: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মিথ্যার বিরুদ্ধে লড়াই করা। এজন্য সাংবাদিকদের হতে হবে সৎ, সাহসী ও নিষ্ঠাবান।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর দায়িত্ব গ্রহণ ও ‘চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক সভাপতি খন্দকার গোলাম সরওয়ার। সঞ্চালনা করেন সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম। অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীসহ সাংবাদিক ও বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের কাজ হলো সমাজের অসঙ্গতি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কলম চালানো। সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র। সততা ও বস্তুনিষ্ঠতা ছাড়া কোনো সংবাদই প্রকৃত সাংবাদিকতা নয়। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যা দুর্বল হলে রাষ্ট্রও বিপদগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, আমাদের দেশে সাংবাদিকদের সুরক্ষায় কোনো আইন নেই, অথচ গণমাধ্যমের কণ্ঠরোধে একের পর এক আইন বহাল আছে। সাগর-রুনি হত্যার বিচার এখনও না হওয়া জাতির জন্য লজ্জার। সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ তৈরি করা এখন জরুরি।

বিএফইউজে মহাসচিব জানান, প্রতিদিন সূর্যের মতো সংবাদও উদিত হয়, যা সমাজকে আলোকিত করে। কিন্তু হলুদ সাংবাদিকতা, দলদাস সাংবাদিকতা ও তথ্যে কারসাজি গণমাধ্যমের মর্যাদাকে ক্ষুণ্ন করছে। তাই প্রকৃত সাংবাদিকদের এগিয়ে এসে সত্য প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top