সকল মেনু

আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, মিয়ানমার থেকে আসা সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যদের ফিরিয়ে নেবে দেশটির সরকার। ইতোমধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন পর্যন্ত দেশটির বর্ডার গার্ড পুলিশের ৯৫ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। মন্ত্রী জানান, তারা নিজের দেশে ফিরে যেতে চায়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ঢাকায় নিযুক্ত থাইল্যান্ড ও লিবিয়ার রাষ্ট্রদূতেরা পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে সেদেশের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। তারা তাদের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কীভাবে ফিরিয়ে নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।

তিনি জানান, এর আগে মিয়ানমার থেকে ভারতেও আশ্রয় নিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষীরা। তাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছিল।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ পর্যন্ত ৯৫ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসেছেন। আরও আসতে পারেন। তবে আমাদের সীমান্ত অরক্ষিত নয়। সেখানে আমাদের বিজিবি সজাগ রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক, জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। বাইডেনের চিঠির পরে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আর কোনো প্রশ্ন নেই বলেও জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে কোনো অস্বস্তি নেই। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আলোচনা হয়েছে বলেও সাংবাদিকদেরকে জানান মন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top