সকল মেনু

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে চট্টগ্রামে বিএনপির তিন নেতা বহিষ্কার

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় আবুল কাশেম, আব্দুল ওয়াহাব বাবুল ওরফে বাবুল কোম্পানি এবং আবু জহুর নামে নিজ দলের তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

এরমধ্যে আবুল কাশেম এবং বাবুল কোম্পানিকে বুধবার (৩ জানুয়ারি) এবং আবু জহুরকে গত ৩০ ডিসেম্বর বহিষ্কার করা হয়।

আবুল কাশেম চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, বাবুল কোম্পানি ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং আবু জহুর বন্দর থানা বিএনপির সহ-সভাপতি।

অভিযোগ উঠেছে, আবুল কাশেম চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের ‘কেটলি’, বাবুল কোম্পানি চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের ‘ফুলকপি’ এবং আবু জহুর চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফের ‘নৌকা’ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এরমধ্যে আবুল কাশেম ও বাবুল কোম্পানিকে বুধবার মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বহিষ্কার করা হয়। অন্যদিকে আবু জহুরকে বহিষ্কার করে গত ৩০ ডিসেম্বর চিঠি দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top