সকল মেনু

আমি বঙ্গবন্ধুর মেয়ে, দমে যাওয়ার না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে সারাদেশে বোমা হামলা চালিয়েছে। ওরা আমাকেও অনেকবার হত্যার চেষ্টা করেছিল। কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, দমে যাওয়ার না। আমি দমে যায়নি।

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টার দিকে বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরো বলেন, ‘অনেকে রিজার্ভ নিয়ে উদ্বিগ্ন হন। জাতির পিতা ক্ষমতা গ্রহণের পর কোনো রিজার্ভ মানি ছিল না। যুদ্ধ বিধ্বস্ত দেশে রাস্তাঘাট বিধ্বস্ত ছিল। সেই অবস্থায় তিনি দায়িত্ব নেন। রেল-সড়ক থেকে শুরু করে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা উন্নয়নের মধ্য দিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন।

আন্দোলনের নামে ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াত জোটের বোমা হামলা ও অগ্নিসন্ত্রাসের বিচারকাজ প্রলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্নিসন্ত্রাসের বিচার যেন দ্রুত নিষ্পত্তি করা হয় সেজন্য আইনজীবীদের প্রতি তাগিদ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, আগুন সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত ও যাদের বিরুদ্ধে মামলা চালু আছে তা দ্রুত শেষ করার আহ্বান জানাচ্ছি। শুধু মামলা পরিচালনা নয়, অগ্নিসন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে আওয়ামী লীগ দেশকে মুক্ত করেছে বলে অনুষ্ঠানে জানান সরকারপ্রধান।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার মাত্র ১০ মাসে একটি সংবিধান দেন। সারা বিশ্বে এত দ্রুত সময়ে কেউ দিতে পারেনি। শেখ হাসিনা বলেন, আমাদের দেশে একসময় জুড়িশিয়াল সার্ভিসে কোনো নারী যেতে পারতো না। বঙ্গবন্ধু কিন্তু এটার সমাধান করে দিয়ে গেছেন। জাতির পিতা আমাদের যে পদক্ষেপ দিয়ে গেছেন, তা নিয়েই আমরা পথ চলি। আমাদের একটাই লক্ষ্য আইনের শাসন প্রতিষ্ঠা করা।

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী বলেন, খন্দকার মোশতাক বেইমান-মোনাফেক, জিয়াউর রহমানের সহায়তায় ক্ষমতায় আসে। কিন্তু বেশি দিন টিকতে পারেনি। অবশ্য পরে জিয়ার আসল চেহারা বেরিয়ে আসে। জিয়া নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করে। দল গঠন করে জনগণের ভোট কারচুপি করে ক্ষমতায় আসে।

তিনি বলেন, লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন ব্যর্থ না হয় সে জন্য আমি কাজ করে যাচ্ছি।

এর আগে সকাল ১১টায় বার কাউন্সিলের নবনির্মিত ১৫ তলা বিশিষ্ট বার কাউন্সিলের ভবন উদ্বোধন করেন শেখ হাসিনা। ভবনটি উদ্বোধনের পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে অংশ নেন তিনি। মহাসমাবেশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশ থেকে আসা বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এই মহাসমাবেশে অংশ নিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top