সকল মেনু

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১১ জনের

পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় এগারো জনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকালে এসব দুর্ঘটনাগুলো ঘটে। তাদের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে উপজেলার চেলেরঘাট এলাকায় ছয়জন, ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় চারজন ও মুন্সিগঞ্জে একজন মারা গেছেন।

ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় ৪ গার্মেন্টসকর্মীসহ ৬ জন নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন।

ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।

দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় লেগুনার পেছনে পিকআপ ধাক্কা দিলে চারজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। অপরদিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এ সময় লরির চাপায় এর হেলপার মো. মানিক (২৭) নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস এম রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top