হরদীপ সিং নিজ্জার হত্যা মামলাকে ঘিরে জটিল হচ্ছে ভারত ও কানাডার সম্পর্ক। ভিসা নিষেধাজ্ঞা, কূটনীতিক ফেরত আনাসহ সব দিক দিয়েই কানাডাকে চাপে রাখার চেষ্টা করছে ভারত।
তবে কানাডার দাবি, পর্যাপ্ত তথ্যপ্রমাণ নিয়েই তারা ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছে। অবশ্য হত্যাকাণ্ডে ভারত কীভাবে জড়িত তা এখনো স্পষ্ট হয়নি।
হরদীপ সিং নিজ্জার ভারতে খালিস্তান প্রতিষ্ঠার পক্ষে কাজ করছেন এমন অভিযোগ তুলে ২০২০ সালে তাকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেয় ভারত। খালিস্তান আন্দোলনের মূল দাবি, শিখদের জন্য স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠা করতে হবে।
ভারতের বাইরে সবচেয়ে বেশি শিখ ধর্মাবলম্বীদের বাস কানাডাতেই। প্রতি বছর অনেক ভারতীয় শিক্ষার্থীও উচ্চশিক্ষা লাভের জন্য কানাডায় যান। ভারত-কানাডার মধ্যে চলমান উত্তেজনা ভারতে বসবাসরত শিখ, কানাডায় বসবাসরত শিখ ছাড়া অনেক ভারতীয় এবং কানাডায় যেতে ইচ্ছুক ভারতীয়দের চিন্তায় ফেলেছে।
ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডায় বসবাসরত ভারতীয়দের সতর্ক করে বলেছে, কানাডায় সম্প্রতি ভারতবিরোধী কর্মকাণ্ড বাড়ছে, এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে।
এদিকে কানাডার নাগরিক আরেক শিখ নেতা ও আইনজীবী গুরপটওয়ান্ত সিং পান্নুর ভারতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারত সরকার।
পান্নু সম্প্রতি এক ভিডিওতে কানাডায় বসবাসরত হিন্দুদের ভারতে ফিরে যেতে বলেন। তার মতে, ভারতীয়রা চরম মনোভাব নিয়ে ভারত কর্তৃপক্ষের সমর্থন করছেন। পরে ভারতের এক নিউজ চ্যানেলে তার একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হয়, সেখানেও তিনি একই বক্তব্য রাখেন।
সাক্ষাৎকারটি প্রচারিত হবার পর ভারত সরকারের পক্ষ থেকে চ্যানেলটিকে সতর্ক করা হয় ও ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ চণ্ডীগড়ে পান্নুর একটি বাড়ি বাজেয়াপ্ত করে৷
কূটনৈতিক লড়াই
বর্তমানে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের সাধারণ সম্মেলন। মঙ্গলবার সেখানে বক্তব্য রাখার কথা দুই দেশের প্রতিনিধিদের। সেখানেও উত্থাপিত হতে পারে বিষয়টি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারতের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে আন্তর্জাতিক মহলে এখনও সেভাবে সাড়া মেলেনি। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলি জানিয়েছে, তারা এ বিষয়ে উদ্বিগ্ন, ভারতকে সরাসরি দায়ী করে কেউই কিছু বলেনি।
সূত্র: ডয়েচে ভেলে
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।