সকল মেনু

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ আটে নেদারল্যান্ডস

প্রথমবারের মত নারী বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছিল দক্ষিণ আফ্রিকা। স্বপ্ন ছিল আরও সামনে যাওয়ার। কিন্তু হতাশায় শেষ ষোলোতেই থামতে হল দক্ষিণ আফ্রিকাকে। শেষ ষোলোর ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ আটে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ স্পেন।

সিডনি ফুটবল স্টেডিয়ামে মাত্র ৯ মিনিটেই লিড নেয় ডাচরা। হেডের মাধ্যমে আসরে নিজের চতুর্থ গোল করেন জিল রুর্ড। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় দক্ষিণ আফ্রিকা। ১৩ মিনিটে কেগাথলানার শট ঠেকিয়ে ডাচদের রক্ষা করেন গোলরক্ষক ডফনে ফন ডমসিলার। দুই মিনিট বাদেই গোল করার কাছাকাছি গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবারও সফল হতে পারেনি তারা। ৩৬ মিনিটে দুর্দান্ত এক গোল পেতে পারতো তারা। ডমসিলারের একের পর এক অসাধারণ সেভ বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয় নেদারল্যান্ডসকে।

বিরতির পর নিজেদের ভুলেই আবারও পিছিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। গোলপোস্ট ছেড়ে অনেকটাই বেরিয়ে আসেন কেলিন সোয়ার্ট। ডি বক্সের কিছুটা বাইরে থেকে বেরেনস্টেইনের নেওয়া শটটি তার নাগালেই ছিল। কিন্তু তালুবন্দী করতে পারেননি। বল এই গোলরক্ষকের হাত থেকে পিছলে গিয়ে সোজা জালে আশ্রয় নেয়। দুই গোল হজম করার পর আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তাই বিশ্বকাপ যাত্রাটা আর রঙিন করা হলো না।

আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সুইডেন ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় আজ বেলা তিনটায় শুরু হবে এই ম্যাচ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top