এই আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে মুশফিকুর রহিমকে চার থেকে ছয় নম্বরে নামিয়ে নতুন ভূমিকায় খেলানো হয়েছে এবং মুশফিক তাতে দারুন সফলও হয়েছেন। দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে ১০০ রানের হারিক্যান ইনিস উপহার দিয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির কৃতিত্ব দেখিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।
এবার চেমসফোর্ডে সেই আয়ারল্যান্ডের বিপক্ষে আবারো ব্যাটিং অর্ডারে কোন রদবদল ঘটানো হবে? অধিনায়ক তামিম ইকবালের কথা শুনে মনে হচ্ছে দল ও ব্যাটিং পজিসন নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত থাকবে।
বাংলাদেশ অধিনায়কের কথা, এই সিরিজ বা হয়তো পরের সিরিজগুলোতে যতটুকু সম্ভব নতুন করে কিছু সুযোগ দেওয়া হবে। এই সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি। শেষ সিরিজেও দেখেন, কিছু ব্যাটিং অর্ডার বদলেছি, কয়েকজনকে উপরে ব্যাটিং করিয়েছি। দল নিয়ে কখনোই আপনি সন্তুষ্ট হতে পারবেন না। সবসময়ই এক দুটো স্পট থাকবে যেখানে আপনি চাইবেন যে আরও ভালো খেলুক সবাই।’
‘আমি তরুণদের কথা বলছি, ওরা সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছে। একটা জিনিস, যে কোন নির্দিষ্ট স্পট গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে এটা ফিক্স। আমরা যখন এ সিরিজ খেলবো, পরের সিরিজে দেখবেন ভিন্ন কন্ডিশন। এর মাঝে যে দলটা সেরা হবে সেটাই বিশ্বকাপে যাবে।’
তামিমের মূল্যায়ন, এখন পর্যন্ত যারা সুযোগ পেয়েছে তাদের মধ্যে তাওহিদ হৃদয় অসাধারণ খেলছে। শুধু ব্যাটিং অর্ডারেই পরিবর্তন নয়, তামিমের কথা শুনে মনে হচ্ছে অন্য আরও কয়েকজন ক্রিকেটারকেও পরখ করা হবে এবং বিশ্বকাপের মূল দল চূড়ান্ত হবার আগে কিছু অদল-বদল চলতেই থাকবে। তবে বাংলাদেশ ক্যাপ্টেনের কথা, একটা সময় গিয়ে দল নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করতেই হবে। কারণ বিশ্বকাপ স্কোয়াডকেও কিছু ম্যাচ খেলার সুযোগ দিতে হবে।
আফিফ হোসেন ধ্রুবর উপমা টেনে তামিম বলে ওঠেন, ‘ইভেন আফিফের কথাও যদি বলি, আমার মনে হয় তারও একই সুযোগ আছে অন্য যে কোনো খেলোয়াড়ের মতো। সে ভালোও করছে। হয়তো একটা দুটা সিরিজ যে কোনো মানুষেরই খারাপ যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় রিয়াদ-আফিফ আমাদের হিসাবে আছে। এশিয়া কাপ আসলে আরও ভালো অবস্থায় থাকবো। যেকোনো একটা সময় তো এক্সপেরিমেন্ট বন্ধ করতে হবে। আপনাকে সর্বোচ্চ ম্যাচ দিতে হবে বিশ্বকাপের স্কোয়াডকে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।