সকল মেনু

পাওনা টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী জখম

হটনিউজ ডেস্ক:

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকার জন্য স্ত্রী জিমি আক্তারকে (৩০) কুপিয়ে হত্যা ও স্বামী নুর আলম মুন্সীকে (৩৫) জখম করেছে পাওনাদার অসীম মোল্যা ও তার লোকজন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত নুর আলমের ভাই হাবিবুর রহমান মুন্সী বাদী হয়ে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৭ আসামিকে গ্রেফতার করে সোমবার (৪ জুলাই) আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে নুর আলম মুন্সী (৩৫) পেশায় একজন কৃষক। আর্থিক সংকটের কারণে ইরি ধানের মৌসুমে চাষাবাদের জন্য একই গ্রামের হালিম মোল্যার ছেলে অসীম মোল্যার কাছ থেকে নগদ দুই লাখ টাকা ঋণ নেন। ওই টাকা মৌসুম শেষে ছয় মাস পরে তাকে ফেরত দিবে এবং অতিরিক্ত ৫০ মণ ধান দেবে। এই টাকা নেওয়ার সময় গ্রান্টার হিসেবে স্ত্রী জিমি আক্তারের (৩০) নামের ব্যাংকের চারটি চেক অসীম মোল্যাকে প্রদান করে।

এ বছর আকস্মিক বর্ষার পানি চলে আসায় ধান সম্পূর্ণভাবে বিনষ্ট হয়। এতে ঋণ নেওয়া টাকা যথাসময়ে ফেরত দিতে পারেননি এই দম্পতি। এ নিয়ে একাধিকবার তাদের মারপিট ও খুন জখম করার হুমকি প্রদান করে।

স্থানীয়ভাবে একটি মৌখিক আপস নিষ্পত্তির মাধ্যমে আগামী ৩০ কার্তিক ঋণের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলে তারা উভয়পক্ষ মেনে নেয়। কিন্তু রোববার রাতে পাওনাদার অসীম মোল্যা পুনরায় সালিশের কথা বলে নুর আলম মুন্সী ও তার স্ত্রী জিমিকে তাদের বাড়িতে যেতে বলে।

পরে নুর আলম মুন্সী ও তার স্ত্রী জিমি আক্তার সরল বিশ্বাসে অসীম মোল্যার বাড়িতে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে অসীম মোল্যা ও তার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে স্বামী নুর আলম মুন্সী ও স্ত্রী জিমি আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে আনার আগেই জিমি আক্তারের মৃত্যু হয় এবং তার স্বামী নুর আলম মুন্সীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়।

মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় জানান, জিমি আক্তারকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। নুর আলম মুন্সীর অবস্থার অবনতি দেখে সাধারণ চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল, লাভে ধান দেওয়ার কথা বলে ২ লাখ টাকা নিয়েছিল। সেই টাকা যথাসময় পরিশোধ না করায় সালিশের কথা বলে নুর আলম ও তার স্ত্রী জিমি আক্তারকে আসামিরা তাদের বাড়িতে ডেকে নিয়ে মারধর করলে জিমি বেগম খুন হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নুর আলমকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় আহত নুর আলমের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে ৭ জনকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছি। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top