সকল মেনু

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেলেন স্বামী

হটনিউজ ডেস্ক:

ভোলার চরফ্যাশন উপজেলায় যৌতুকে দাবীতে শারমিন (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সফিকুল ইসলামের বিরুদ্ধে। শারমিনের পরিবারের অভিযোগ স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যার পর ওড়না পেঁচিয়ে বসত ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। সফিক ও তাঁর পরিবারের সদস্যরা সবাই পলাতক রয়েছেন। শনিবার (২৩এপ্রিল) সকালে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মিয়াজনপুর গ্রামের সফিকুল ইসলামের বসত ঘরে এঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শারমিন একই গ্রামের শাহজাহানের মেয়ে।
নিহত শারমিনের চাচী নুর নাহার জানান, তিন বছর আগে একই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চর আফজাল গ্রামের মফিজুল ইসলামের ছেলে সফিকুল ইসলামের সাথে শারমিনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে মাইসা নামের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

বিয়ের সময় সফিকুল ইসলামের দাবীকৃত যৌতুকের একলাখ টাকা দিতে না পারায় ওই টাকা নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। প্রায়ই এ নিয়ে শারমিনকে মারধর করতো সফিক। শুক্রবার রাতে সফিক স্ত্রী শারমিনকে বাবার বাড়ি থেকে তাঁর দাবীকৃত টাকা এনে দিতে বলেন। শারমিন ওই টাকা দিতে অস্বীকার করলে সফিক তাকে দুই দফায় মারধর করেন।

এ নিয়ে আজ শনিবার সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ওই ঝগড়ার জের ধরে সফিক শারমিনকে আবারও মারধর করে। পরে সকালের দিকে প্রতিবেশীরা ঝুলন্ত মরদেহ দেখেতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে চরফ্যাশন থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী সফিক পালিয়ে যায়।

চরফ্যাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়াও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top