সকল মেনু

নারী ইউপি সদস্য ধর্ষণ-হত্যা, ৬ মাস পর আটক হলেন অপরাধী

হটনিউজ ডেস্ক:

বগুড়ার ধুনটের মথুরাপুর ইউপির নারী সদস্য রেশমা খাতুনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আব্দুল লতিফ শেখ (৬০) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২-এর সদস্যরা। ধর্ষণকাণ্ডের ছয় মাস পর মুন্সিগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হলো।

আব্দুল লতিফ শেখ ধুনট উপজেলার মৃত আহাদ বকশ শেখের ছেলে। নিহত ইউপি সদস্যে রেশমা খাতুন (৩৮) মথুরাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী।

বৃহস্পতিবার র‌্যাব-১২ মুন্সিগঞ্জে থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানান র‌্যাব-১২ বগুড়া কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মথুরাপুর ইউনিয়ন পরিষদের কম্বল বিতরণ অনুষ্ঠানে রেশমার সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। লতিফ গত বছরের ১৮ সেপ্টেম্বর রেশমাকে মথুরাপুর ইউনিয়নের একটি ইটভাটার কাছে নির্জন স্থানে ডেকে নেয়। সেখানে রেশমাকে তিনি কৌশলে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক মিশিয়ে পান করান। এর পর লতিফ রেশমাকে ধর্ষণ করে তাঁর গলাতে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। ধর্ষণ ও হত্যার পর রেশমার লাশ ইটভাটার পাশে ধানক্ষেতে ফেলে রেখে চলে যান লতিফ।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল লতিফ এসব কথা স্বীকার করেছেন। ঘটনার পরে লতিফ প্রথমে নোয়াখালীতে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করেন। এরপরে মুন্সিগঞ্জে আত্মগোপন করেন।

র‌্যাব কমান্ডার সোহরাব হোসেন বলেন, লতিফ একজন পেশাদার অপরাধী। তাঁর বিরুদ্ধে ২০০৯ সালে একটি ধর্ষণ মামলা রয়েছে। সেই মামলায় তিনি ৭ বছর কারাগারেও ছিলেন। বর্তমানে মামলাটি বিচারাধীন। রেশমা হত্যাকাণ্ডে তাঁকে ধুনট থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছরের ২২ সেপ্টেম্বর মথুরাপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে নারী ইউপি সদস্য রেশমা খাতুনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ২৩ সেপ্টেম্বর নিহতের ভাই বাদী হয়ে ধনুট থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপরেই ঘটনার তদন্তে নামে র‌্যাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top