হটনিউজ ডেস্ক :
দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিউপলে নতুন করে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৯টা ( বাংলাদেশ সময় দুপুর ২টা-রাত ১টা) পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।
রোববার (৬ ফেব্রুয়ারি) সিটি কাউন্সিল এ তথ্য জানায়। খবর বিবিসির।
স্থানীয় সময় দুপুর ১২টা (বাংলাদেশ সময় বিকেল ৪টা) থেকে একটি নির্ধারিত রুট দিয়ে বেসামরিক লোকদের শহরটি থেকে সরিয়ে নেওয়া যাবে।
এর আগে শনিবার বোমা হামলার কারণে অনুরূপ একটি পরিকল্পনা ঘোষণার পরপরই ভেস্তে যায়।
এদিকে, ১০ দিনে ইউক্রেন থেকে ১৫ লাখের বেশি শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করেছে। রোববার (৬ মার্চ) জাতিসংঘের শরণার্থী সংস্থার কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এ তথ্য জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৯ হাজার ১৬৬ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।