হটনিউজ ডেস্ক:
সাতক্ষীরায় অপহরণের ২০ মাস পর এক গৃহবধূকে উদ্ধার করেছে পিবিআই।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পিবিআই সাতক্ষীরা জেলার ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ মীর মোহাম্মদ শাফিন মাহমুদ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। এর আগে তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে পিবিআই সাতক্ষীরার একটি দল তাকে উদ্ধার করে।
ওই গৃহবধূর নাম শারমিন সুলতানা। ২৮ বছরের শারমিন সাতক্ষীরা শহরের পশ্চিম পলাশপোল এলাকার হামিদ হাওলাদের মেয়ে।
পিবিআই সাতক্ষীরা জেলার ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ মীর মোহাম্মদ শাফিন মাহমুদ জানান, ২০২০ সালের ২০ জুন বিকেলে শারমিনকে তার শ্বশুর বাড়ির লোকজন অপহরণ করে পাচার করেছে মর্মে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন তার বাবা হামিদ হাওলাদার। ওই সময় মামলার তদন্ত করেন সদর থানার এসআই অপর্ণা বিশ্বাস। কিন্তু তিনি ঘটনার রহস্য উদঘাটন ও অপহৃতকে উদ্ধার করতে না পারায় তদন্তের দায়িত্ব দেয়া জেলা পিবিআইকে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই সাতক্ষীরার এসআই মোর্শেদ আলম ছায়া তদন্ত শুরু করেন। এর জেরেই রাতে রূপগঞ্জ এলাকা থেকে শারমিনকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে শারমিন সুলতানার স্বামী শহরের ইটাগাছা এলাকার হাবিবুর রহমান বলেন, প্রায় সাড়ে তিন বছরের ছেলেকে রেখে হঠাৎ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে যায় আমার স্ত্রী। পরে শ্বশুর আমার বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণ, পাচার এসব অভিযোগ তুলে মামলা করেন। আমি প্রথম থেকেই বলে আসছিলাম আমি কিছু করিনি। অবশেষে আমার কথার সত্যতা পেয়েছে পিবিআই।
তিনি আরও বলেন, আমি একেবারেই নিঃস্ব হয়ে গেছি। ১০ লাখ টাকা খরচ হয়ে গেছে। পরিবারের পাঁচজন মিথ্যা মামলা নিয়ে এতদিন চলছি। এখন সত্য উদঘাটন হয়েছে। এই হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়ার জন্য মামলার বাদী ও তাদের পরিবারের সদস্যদের শাস্তির দাবি করছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।