হটনিউজ ডেস্ক:
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা নেতা খুন হয়েছেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক জানান, রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৮টার দিকে কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত আবুল কালাম (৬০) কুতুপালং ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ক্যাম্পটির বি-ডব্লিউ-৫ ব্লকের সাব-মাঝি বা উপ-সর্দার হিসেবে দায়িত্বরত ছিলেন।
গেল বছরের ২৯ সেপ্টেম্বর উখিয়া উপজেলার ১-ইস্ট নম্বর লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
উপ-সর্দার আবুল কালাম হত্যার ব্যাপারে পুলিশ সুপার নাইমুল হক বলেন, সকালে নিজ ব্লকে অবস্থান করছিলেন কালাম। অজ্ঞাতনামা বেশ কয়েকজন দুষ্কৃতকারী এসে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় আইওএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কালাম মারা যান।
তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।