
হটনিউজ ডেস্ক:
নির্বাচনে কেন্দ্র দখলের পরিকল্পনা নিয়ে বিএনপি ঢাকায় বহিরাগত ‘গুণ্ডাদের’ জড়ো করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বহিরাগত অস্ত্রধারীদের ঢাকায় জড়ো করা হচ্ছে কেন্দ্র দখলের জন্য। তারা পাঁয়তারা করছে বহিরাগত গুণ্ডাদের জড়ো করে নির্বাচনের পরিবেশকে ক্ষুণ্ণ করতে। পুলিশের বিরুদ্ধেও তারা তাদের স্বশস্ত্র মহড়া দিতে চায়। এ বিষয়গুলো তারা প্লান করে রেখেছে। আমাদের কাছে খবর আছে।
মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। এই বিষয়ে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের (ইসি) কাছে উদ্বেগের সঙ্গে বলছি যে, নির্বাচন অবাধ-সুষ্ঠু অনুষ্ঠানে ইসিকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে শেখ হাসিনা সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। কিন্তু এই যে একটা অবস্থা আজকে বহিরাগত স্বশস্ত্র ব্যক্তিদের ঢাকায় জড়ো করছে। এর বিরুদ্ধে তো প্রতিকারমূলক ব্যবস্থা নেয়া উচিত। তল্লাশি করে ব্যবস্থা নেয়া উচিত। এই দায়িত্ব নির্বাচন কমিশনের।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে যদি তারা (বিএনপি) সত্যি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে চায় তাহলে ইলেকশনের পরিবেশ তাদের বজায় রাখতে হবে। পরিবেশ বিঘ্নিত করতে পারে- এমন সব অপশক্তির ব্যাপারে ইসিকে এখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থ নিতে হবে।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য- জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল ও সাখাওয়াত হোসেন শফিক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।