
হটনিউজ ডেস্ক:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক মাদ্রাসার শিক্ষকের কাপড় রাখার ওয়ারড্রপের কেবিনেটের ভেতর থেকে প্রধান শিক্ষকের চার বছরের শিশুপুত্র মো. আদিলের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ওই শিশুর বাবা জান্নাত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার বাবা প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন ওই মাদ্রাসার শিক্ষক মো. জোনায়েদ আহমেদ (৩০) ও মসজিদের মোয়াজ্জিন খায়রল ইসলাম (২৫)। বৃহস্পতিবার দুপুরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের মরাশ বাগে জান্নাত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার সহকারী শিক্ষক মো. জোনায়েদ আহমেদের কেবিনেটের ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জোনায়েদ আহমেদ হাবিগঞ্জ জেলার রাখাইন উপজেলার তেগুরিয়া গ্রামের মৃত ওয়াহব আলীর ছেলে ও খাইরুল ইসলাম একই এলাকার জফু মিয়ার ছেলে।
নিহত আদিল মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের ছেলে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধলাসিয়া এলাকায়।
মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদ জানান, চারদিন আগে ওই মাদ্রাসার মসজিদের মোয়াজ্জিন খায়রুল ইসলামের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। বিষয়টি নিয়ে তিনি মাদ্রাসা শিক্ষক জোনায়েদ আহমেদকে সন্দেহ করেন।
এ ব্যাপারে মোয়াজ্জিন খায়রুল মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে জোনায়েদের বিরুদ্ধে নালিশ করেন। পরে প্রধান শিক্ষক ঘটনার দিনই জোনায়েদকে ডেকে শাসন করেন।
বুধবার বিকালে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের শিশুপুত্র আদিল মাদ্রাসার পাশেই মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ছেলেকে কোথায়ও না পেয়ে মসজিদের মাইকে ছেলে হারানোর মাইকিং করা হয় এবং নিহতের স্বজন ও গ্রামবাসী গিয়ে মাদ্রাসার পুকুরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে।
এ সময় শিক্ষক জোনায়েদ ও মুয়াজ্জিন খায়রুলের আচরণ ও ভূমিকা রহস্যজনক মনে হলে স্থানীয়দের সন্দেহ হয়।
এক পর্যায়ে এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার কথা স্বীকার করেন জোনায়েদ। পরে চাবি নিয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক জোনায়েদ আহমেদের কক্ষে থাকা ওয়ারড্রপের কেবিনেট থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় এবং তাদের দুইজনকে থানা পুলিশে হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই শিক্ষক জোনায়েদ আহমেদ ও ওই শিক্ষা প্রতিষ্ঠানটির মসজিদের মোয়াজ্জিন মো. খাইরুল ইসলামকে আটক করা হয়েছে।
কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের এডিশনাল এসপি পঙ্কজ দত্ত জানান, রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করা হয় এবং বুধবার রাতেই ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি বলেন, লাঞ্ছিত করার প্রতিশোধ নিতেই মাদ্রাসার প্রধান শিক্ষকের শিশুপুত্রকে গলা টিপে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছেন জোনায়েদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।