সকল মেনু

রিমান্ডের আগে আবারও হাসপাতালে সম্রাট

হটনিউজ ডেস্ক:

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আবারও রিমান্ডে নেওয়ার আগে তিনি ‘অসুস্থ’ হয়ে পড়েছেন। গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা সম্রাট শনিবার বিকেলে ‘অসুস্থ’ বোধ করলে তাঁকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাঁকে গতকাল রবিবার থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক)। তবে এই রিমান্ড শুরু করতে পারেনি সংস্থাটি। এর আগে গ্রেপ্তারের পর পুলিশের রিমান্ডের আগেও ‘অসুস্থ’ হয়ে পড়েছিলেন সম্রাট।

মামলার তদন্ত কর্মকর্তা, দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান, সম্রাট অসুস্থ থাকায় তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা পিছিয়ে গেছে। গত ১৭ নভেম্বর দুদকের আবেদনে সম্রাটকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার জজ আদালত।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বুকে ব্যথা অনুভব করার কথা বললে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের চিকিৎসকদের পরামর্শে রাতেই তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিক্যালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম বলেন, কার্ডিয়াক সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছেন। তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-২ এ স্থানান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top