সকল মেনু

কারাগারে মিন্নি পড়াশোনা করতে চান

হটনিউজ ডেস্ক:
বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির সঙ্গে জেলহাজতে দেখা করেছেন তার আইনজীবী। বরগুনা বারের সাধারণ সম্পাদক ও মিন্নির আইনজীবী মো. মাহবুবুল বারী আসলাম বুধবার দুপুরে তার সঙ্গে জেলহাজতে দেখা করেন।

পরে মিন্নির উদ্ধৃতি দিয়ে আইনজীবী মাহবুবুল বারী আসলাম গণমাধ্যমকে বলেন, ‘মিন্নির পুরো শরীরে ব্যথা আছে। তিনি রাতে ঘুমাতে পারেন না। মানসিকভাবে বিপর্যস্ত তিনি।’

এমতাবস্থায় মিন্নির চিকিৎসা দরকার জানিয়ে আইনজীবী মাহবুবুল বারী বলেন, জেল সুপারের উপস্থিতিতে মিন্নির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন তার সঙ্গে জোর-জবরদস্তি করা হয়েছে। তার ওপর নির্যাতন চালানো হয়েছে, সে খুব অসুস্থ। তার চিকিৎসার প্রয়োজন।

এ সময় সাংবাদিকরা মিন্নির ওপর কী ধরনের নির্যাতন চালানো হয়েছে জানতে চাইলে আইনজীবী বলেন, এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানায়নি। তবে তিনি খুবই অসুস্থ। তিনি জানিয়েছেন তার শরীরে খুব ব্যাথা। তার চিকিৎসার প্রয়োজন। কারাগারে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন।

মিন্নিকে দিয়ে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ানো হয়েছে বলেও আইনজীবীকে জানান মিন্নি। মাহবুবুল বারী মিন্নির উদ্ধৃতি দিয়ে জানান, ‘মিন্নি রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে যে জবানবন্দি দিয়েছেন তা পুলিশ শিখিয়ে দিয়েছে। সেই জবানবন্দি মিন্নি প্রত্যাহার করতে চাচ্ছেন। তাই আমি মিন্নিকে এই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনের প্রক্রিয়া শিখিয়ে দিয়েছি।’

কারাগারে মিন্নি পড়াশোনা করতে চান বলে জানান তার আইনজীবী। এ বিষয়ে জেল সুপারের সঙ্গে কথাও হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, জেল সুপার জানিয়েছেন মিন্নির বাবা এ বিষয়ে আবেদন করলে ব্যবস্থা নেয়া হবে।

এরআগে, ২২ জুলাই মিন্নির চিকিৎসার আবেদন নামঞ্জুর করেন বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী আবেদন নামঞ্জুর করে বলেন, জেল কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে মিন্নিকে নিপীড়ন করে জোর করে জবানবন্দি নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর। তিনি হত্যা মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তরের দাবি জানিয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মিন্নিকে দিয়ে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে অভিযোগ করে তার বাবা বলেন, শারীরিক ও মানসিক নির্যাতন করে পুলিশ মিন্নির জবানবন্দি নিয়েছে। প্রভাবশালী মহলকে বাঁচাতে পুলিশ এ ঘটনায় মিন্নিকে ফাঁসাচ্ছে। তাই এ মামলার তদন্ত পিবিআইতে স্থানান্তরের দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top