দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হলেন বলিউড তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর। শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর ‘ড্যাডি কুল’ গানে দেখা গেছে এই জুটিকে। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার জনপ্রিয় গান ‘ছাম্মাক ছাল্লো’-তে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। নতুন গানেও সেই পুরোনো জুটিকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয় ‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’। তবে গানটি মৌলিক নয়। ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানটি নতুন করে বলিউডি আবহে উপস্থাপন করা হয়েছে।
গানটির সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শিল্পা রাও। নাচের দৃশ্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও… গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’
গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শাহরুখ ও কারিনার পুনর্মিলনে অনেকেই নস্টালজিক হয়ে পড়েছেন। এক দর্শক মন্তব্য করেছেন, ‘ডন’ সিনেমার ‘ইয়ে মেরা দিল’, এরপর ‘ছাম্মাক ছাল্লো’, এবার ‘কিং’-এর ‘ড্যাডি কুল’। কিছু জুটি কখনো পুরোনো হয় না, তাদের রসায়নেও সেই নস্টালজিয়া রয়েছে।
শাহরুখের পর্দায় উপস্থিতির প্রশংসাও করেছেন অনেকে। একজন দর্শকের মন্তব্য, কারিনা পর্দায় থাকলেও চোখ সরানো যাচ্ছে না শাহরুখের দিক থেকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শাহরুখের জনপ্রিয়তাও বাড়ছে বলে মন্তব্য করেছেন আরেকজন। কারিনার সৌন্দর্য ও উপস্থিতি নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে।
তবে গানটির নাচ ও পরিবেশনা নিয়ে সমালোচনাও রয়েছে। কয়েকজন দর্শকের মতে, নাচের মুদ্রা ও উপস্থাপনায় নতুনত্বের অভাব রয়েছে। কেউ কেউ গানটির কথা ও সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন। অরিজিৎ সিংয়ের কণ্ঠ নিয়ে প্রশংসার পাশাপাশি মজার ছলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার এটি দ্বিতীয় গান। এর আগে প্রকাশিত হয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত রোমান্টিক গান ‘তু মিল যায়ে’।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত হয়েছে অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, ববি দেওল ও সুহানা খান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।