সকল মেনু

ঢাকার আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছে দুই ব্যক্তি। এ ঘটনায় হোটেলটির ম্যানেজার নিহত হয়েছেন। আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ (এমডি) আরও দুজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ম্যানেজারের নাম নাঈমুর রহমান (২৬)। আহত দুজন হলেন হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।

শুক্রবার (২৭ নভেম্বর) ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপান। তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আল আমিন বলেন, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top