ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে। দুই শিল্পাঞ্চলে ছোট-বড় প্রায় ১৭০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, আবার কিছু কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিন পরিদর্শন ও কারখানা পরিদর্শক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ, সদর, টঙ্গী, বাংলাবাজার, কোনাবাড়ী, কাশিমপুর ও ভোগড়াসহ বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার ৭০০টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে গত প্রায় এক মাস ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ চলছে। আন্দোলন, ভাঙচুর ও কর্মবিরতির ঘটনায় শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা বিরাজ করছে।
গত কয়েক দিনে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও মৌচাক এলাকায় ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি শ্রমিক অসন্তোষের আশঙ্কায় প্রতিদিন গড়ে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি মাসের ১০ তারিখ থেকে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে মজুরি বোর্ডের প্রস্তাবের পরও বুধবার জেলার বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ হয়েছে। এ কারণে শ্রীপুর উপজেলার বেশির ভাগ পোশাক কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
তবে বৃহস্পতিবার গাজীপুরের পরিস্থিতি আগের দিনের তুলনায় কিছুটা স্বাভাবিক ছিল। কালিয়াকৈর উপজেলার বন্ধ থাকা চারটি কারখানা পুনরায় চালু করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আগে ছুটি ঘোষণা করা কয়েকটি কারখানায় উৎপাদন শুরু হয়েছে।
এন কে সোয়েটার কারখানার পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, ‘মজুরি বোর্ড যে প্রস্তাব দেবে, আমরা তা বাস্তবায়ন করব এবং শ্রমিকদের ন্যায্য বেতন পরিশোধ করব। সেই অনুযায়ী আমাদের কারখানা চালু রয়েছে, শ্রমিকরাও কাজ করছেন। তবে অনেক পোশাক কারখানায় বিশৃঙ্খলা হচ্ছে, যেখানে মালিক-শ্রমিকদের মধ্যে দূরত্ব রয়েছে। আমার মনে হয়, এই দূরত্ব কমাতে পারলে শ্রমিকরা সব মেনে নেবেন।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনের নামে যারা সড়কে বিশৃঙ্খলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে, তারা আর যা-ই হোক, শ্রমিক হতে পারে না। আমরা চাই, শ্রমিকদের বাইরে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক।’
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কিছু স্থানে হালকা অসন্তোষ দেখা দিলেও তা দ্রুত নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনের জেরে বন্ধ হওয়া কারখানাগুলো যাতে দ্রুত উৎপাদনে ফিরতে পারে, সে জন্য পুলিশ সহায়তা করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
অন্যদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে রপ্তানিমুখী ৪৭০টি কারখানার মধ্যে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব কারখানায় পুনরায় উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে মালিকপক্ষ।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রতিদিন ৫০ থেকে ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় ২০ থেকে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিদিন কয়েকটি কারখানার শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন। সাভার ও আশুলিয়ার হেমায়েতপুর এবং জিরাবো এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, নিম্নতম মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণের খসড়া প্রস্তাব দিয়েছে। সাভার-আশুলিয়ার অধিকাংশ শ্রমিক সংগঠন সেই প্রস্তাব মেনে নিয়েছে। তবে হেমায়েতপুরসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে হেমায়েতপুরে তিন প্লাটুন এবং আশুলিয়ায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।