সকল মেনু

পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাত দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পোল্ট্রি খাতে বর্তমানে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। ইতোমধ্যে এ খাতে বিপুলসংখ্যক উদ্যোক্তাও তৈরি হয়েছেন।

তিনি বলেন, দেশে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশুপালন করছেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব খামার খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে অবদান রাখছে। তাই খামারিদের দোরগোড়ায় পশুর চিকিৎসা ও রোগ প্রতিরোধের সেবা পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে রোগবালাইকে বড় বাধা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ইতোমধ্যে ১৭ ধরনের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে।

তারেক রহমান বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির প্রাণ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের জনগণের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে। পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনেও এ খাতের গুরুত্ব রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। আর কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাত এখন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ক্রমেই বাণিজ্যিক, পুষ্টিনিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের বিকাশে সরকার নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে।

আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ও বাড়বে।

রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোল্ট্রি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও উৎপাদনমুখী করতে উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি উল্লেখ করে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।

শহরাঞ্চলে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব প্রাণী মানুষের মানসিক প্রশান্তির পাশাপাশি অনেকের আয়ের উৎস হয়ে উঠেছে। তবে প্রাণীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে হবে। তাদের ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখা এবং স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দেওয়া জরুরি। প্রাণীদের ভয় ও মানসিক যন্ত্রণা থেকে রক্ষা করাও সবার মানবিক দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মূল উদ্দেশ্য হলো এ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা। খামারিরাই এ খাতের মূল চালিকাশক্তি। তাঁদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, তাঁদের অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি এবং উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ একসময় বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top