সকল মেনু

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকরা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের একটি দল মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে একদল শ্রমিক দলবদ্ধ হয়ে মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় যান। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎ ও আশপাশের এলাকার আটটি কারখানা বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি আগের দিনের তুলনায় স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকায় কারখানা চালু আছে এবং শ্রমিকেরা কাজ করছেন। উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top