ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিবি সূত্র জানায়, ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে। তাঁর স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি ঠিকানায় বসবাস করছিলেন।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর আলোচনায় আসেন ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।
তবে ডরিনকে কোন মামলায় এবং কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গ্রেপ্তারের সুনির্দিষ্ট সময়ও নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।