সকল মেনু

যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ মহড়া বিশ্বকে স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।

তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তারেক রহমান বলেন, এ মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতিও আরও কার্যকর হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top