সকল মেনু

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে দেশে ফিরিয়ে আনা হলে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই আনতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, অর্থের বিনিময়ে অনেক কিছু লেখানো যেতে পারে। কিন্তু বাস্তবতা ও প্রত্যাশা এক বিষয় নয়। এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, তিনি সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে ফিরিয়ে আনা হলে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই আনা সম্ভব।

বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বলতে আওয়ামী লীগকে বোঝে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসী বলতে আওয়ামী সন্ত্রাসবাদকেই বোঝায়। তাঁর দাবি, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। তাঁর ভাষায়, এই স্লোগান শুনলেই মানুষের মনে হয় কেউ দৌড়ে পালাচ্ছে।

দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, সরকার আত্মবিশ্বাসী। জনগণের ভোটে নির্বাচিত সরকারের দেশের মানুষের কাছে শক্ত অবস্থান রয়েছে। জনগণের আস্থা নিয়েই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। এসব কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হলেও জনগণ আতঙ্কিত হচ্ছে না। বরং এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই আতঙ্কিত হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এ ধরনের কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষ এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান আরও কঠোর হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top