জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ পেয়েছেন দেশের আট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের নগদ অর্থ, ট্রফি ও সনদ দেওয়া হয়।
এবারের পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
এদিকে এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের। মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। রোববার সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।