গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অস্ত্রাগারে থাকা সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ায় পুরস্কার পাচ্ছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানসহ তাঁর নেতৃত্বাধীন পুলিশ টিম।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানা ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অস্ত্রাগারে থাকা অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য দ্রুত অভিযান পরিচালনা করেন। তাঁরা মুকসুদপুর থানা থেকে অস্ত্রাগারে থাকা অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অস্ত্রগুলো নিরাপদে সরিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালথা থানার পুলিশ সদস্যরা।
এ দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান এবং তাঁর নেতৃত্বাধীন পুলিশ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলার পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। পাশাপাশি তাঁদের সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছেন তিনি।
পুলিশ সুপার প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতেও দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে তাঁরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
এদিকে, ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এ দৃষ্টান্ত পুরো ব্যাচের জন্য গর্বের।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান এর আগেও যশোর ও ফরিদপুরে কর্মরত অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
নিজের অনুভূতি জানিয়ে ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ‘পুরস্কার বা প্রশংসা পাওয়ার জন্য আমি কাজ করি না। সব সময় নিজের দায়িত্ব ও কর্তব্য পালনের চেষ্টা করি মাত্র। মাননীয় পুলিশ সুপার মহোদয়সহ সালথা থানা টিমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দায়িত্ব পালনের সময় যাঁরা সার্বিক সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতিও কৃতজ্ঞতা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।