সকল মেনু

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: ড. খলিলুর রহমান

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা গণহত্যা বলে উল্লেখ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য। রায় অমান্য করা হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দেন তিনি। সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্পের একটি খেলার মাঠে এ আয়োজন করা হয়।

বক্তব্যের শুরুতে ড. খলিলুর রহমান বলেন, “গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কথা বলেছেন। আদালত তোমাদের নাম উচ্চারণ করেছেন—‘রোহিঙ্গা’। আদালতের রায় স্পষ্ট: ২০১৭ সালে তোমাদের ওপর যা চালানো হয়েছিল, তা ছিল গণহত্যা।”

এ সময় বিচার দেখে যেতে না পারা নিহত রোহিঙ্গাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনের সময় ক্যাম্পগুলোতে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, নিউইয়র্ক থেকে নয়, রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েই তিনি তাঁদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। বছরের পর বছর বিশ্ববাসীকে নিজেদের কথা শোনানোর আহ্বান জানানো রোহিঙ্গাদের বক্তব্য এবার বিশ্ব শুনেছে বলেও মন্তব্য করেন তিনি।

ড. খলিলুর রহমান বলেন, ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক বিচার আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছেন। আদালত প্রমাণ পেয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা চালানো, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করা এবং গ্রাম ধ্বংসের ঘটনাও প্রমাণিত হয়েছে। আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

এই আইনি লড়াইয়ে ভূমিকার জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আইসিজের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং আশ্রয়দাতা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দা এবং সাহসিকতার সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতিও বিশেষ শ্রদ্ধা জানান।

রায় বাস্তবায়নে চার দফা আহ্বান

রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইসিজের রায় বাস্তবায়নে চার দফা আহ্বান জানান ড. খলিলুর রহমান।

প্রথমত, গণহত্যা সনদের আওতায় অপরাধে জড়িত সন্দেহভাজনদের দ্রুত তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে হবে।

দ্বিতীয়ত, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। তাঁদের হারানো ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা ক্ষতিপূরণ দেওয়া, পরিবারগুলোকে একত্র করা এবং নাগরিকত্ব ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মিয়ানমারে জাতিসংঘের কাজ করার সুযোগ দেওয়ার কথাও বলেন।

তৃতীয়ত, রোহিঙ্গাদের ব্যক্তি ও সম্প্রদায় হিসেবে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আগামী দুই বছরের মধ্যে মিয়ানমারকে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানান তিনি। নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত ক্যাম্পগুলোতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। তাঁর ভাষ্য, বাংলাদেশের একার পক্ষে এই ভার বহন করা সম্ভব নয়।

চতুর্থত, আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদে বসবাসের পরিবেশ তৈরি করতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদের প্রসঙ্গ তুলে ড. খলিলুর রহমান বলেন, “গতকাল সেই সনদ এমন এক জনগোষ্ঠীর পক্ষে কাজ করেছে, যাদের কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই।”

জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূলমন্ত্র ‘আস্থা পুনরুদ্ধার’ উল্লেখ করে তিনি বলেন, গতকালের রায়ের মধ্য দিয়ে বিশ্ব রোহিঙ্গাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে। পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top