গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতা ওমর ফারুক খান রিপনসহ কয়েকজন নেতাকর্মী সংসদ সদস্য বাবরের ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালান। পরে ক্লিনিকের অপেক্ষাকক্ষের ভাঙা আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করতে দেখা যায়। তাঁদের বলতে শোনা যায়, ‘সন্ত্রাসী বাবরের বাড়িতে আগুন দিয়েছি’।
প্রায় ১৫ মিনিট অবস্থানের পর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসহ জেলা শহরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
অন্যদিকে, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে পুলিশের বিভিন্ন কর্মকর্তার মুঠোফোনে কল করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।