বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে এসব সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে কর্মী নেওয়া স্থগিত বা কমিয়ে দিয়েছিল।
তিনি বলেন, বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে সরকার।
তারেক রহমান বলেন, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারী সরকারের আমলে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। এসব দেশের কয়েকটি নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণাকারীদের বিষয়ে তিনি বলেন, যারা সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়ে এক সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রণোদনার অর্থ কোথা থেকে আসবে, তা তাঁর কাছে স্পষ্ট নয়। সংসদ সদস্য বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা যেতে পারে।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতসংখ্যক কর্মী নেওয়া হবে এবং যেতে কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারেন।
তিনি আরও বলেন, সরকার বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনার ব্যবস্থা করলে গ্রামের সাধারণ মানুষ জমি বিক্রি কিংবা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে বাধ্য হবেন না। এমনকি একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এ বিষয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপ চান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।