নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরজুড়ে দেশব্যাপী নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারি স্থাপনা, পুলিশি স্থাপনা, আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বিশেষ লক্ষ্যবস্তু হিসেবে দেখা হচ্ছে রাজধানী ঢাকাকে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশের তৎপরতা এবং বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনা ও অর্থায়নে এসব নাশকতার পরিকল্পনা হতে পারে। ঢাকায় আকস্মিক জমায়েত, প্রবেশপথে প্রতিবন্ধকতা তৈরি এবং গুরুত্বপূর্ণ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সম্ভাব্য নাশকতার পরিকল্পনা শুধু রাজনৈতিক জমায়েত কিংবা যানবাহনে অগ্নিসংযোগের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সরকারি অফিস-আদালত, থানা, আর্থিক প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগব্যবস্থাকে লক্ষ্য করে হামলার আশঙ্কা রয়েছে। বিদেশে অবস্থানরত ব্যক্তিদের নির্দেশনা ও অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় কমিটি গঠন করে সরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও গোয়েন্দা তথ্য রয়েছে।
এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোকজন সংগঠিত করে রাজধানীর কোনো একটি এলাকায় হঠাৎ জমায়েতের পরিকল্পনার আশঙ্কা করছেন গোয়েন্দারা। এরপর রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগব্যবস্থায় অবরোধ সৃষ্টি করে ঢাকাকে কার্যত অচল বা বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। এ ধরনের জমায়েতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় হামলার পরিস্থিতি তৈরি হতে পারে।
গোপালগঞ্জ ও আশপাশের জেলার পরিস্থিতি নিয়েও বিশেষ উদ্বেগ রয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ চারটি জেলাকে দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। এ কারণে রাজধানীর পাশাপাশি এসব জেলার প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে বাড়তি নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে।
সম্প্রতি টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বেগ বেড়েছে। গত ১৫ নভেম্বর রাতে পাটগাতী বাজারে ব্যাংকটির শাখায় হামলা চালানো হয়। এতে ব্যাংকের আসবাব, নথিপত্র ও অন্যান্য সামগ্রী আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
এর দুই দিন পর মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা থানার ভবনের বিভিন্ন অংশ ও প্রাঙ্গণে থাকা যানবাহনে আগুন দেন। আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং থানার আগ্নেয়াস্ত্র লুটের খবরও বিভিন্ন সূত্রে এসেছে।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি পুলিশ স্থাপনাও ককটেল হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরজুড়ে দেশে বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে এ ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পাওয়া যাচ্ছে। সেসব তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ও অভিযান পরিকল্পনা সাজানো হচ্ছে।
তিনি আরও বলেন, সাইবার জগৎ থেকে শুরু করে মাঠপর্যায়ে এবং প্রতিটি থানার আওতাধীন পাড়া-মহল্লায় পুলিশের নজরদারি ও কার্যক্রম জোরদার করা হবে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে সারা দেশে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ঝুঁকিপূর্ণ জেলা, রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, থানা, সড়ক ও যোগাযোগব্যবস্থায় বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।
ওই কর্মকর্তা জানান, পরোয়ানাভুক্ত আসামি এবং নাশকতার পরিকল্পনা বা কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে দেশের সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্রের দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনায় অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্তের কাজ চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোনের কথোপকথন, বার্তা এবং মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে দেশের ভেতরের কয়েকজনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্তাধীন।
এদিকে শ্রমিক আন্দোলন ঘিরেও রাজনৈতিক ইন্ধনের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কর্মপরিবেশ ও অন্যান্য ন্যায্য দাবিতে চলা আন্দোলনের সঙ্গে সহিংসতার অভিযোগকে এক করে দেখছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের বক্তব্য, শ্রমিকদের আন্দোলনের অধিকার রয়েছে। তবে সেই আন্দোলনে কোনো পক্ষ ঢুকে অগ্নিসংযোগ বা পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটাচ্ছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার মতো কার্যক্রম নেওয়া হয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগরের পুলিশ কমিশনার এবং আট রেঞ্জের উপমহাপরিদর্শককে বিশেষ নির্দেশনা দিয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।