সকল মেনু

আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তিনি ঢাকা সফরের আগ্রহ জানিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) কলম্বোতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেছেন। পাশাপাশি বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের জন্য ২০২৭ সালের শুরুর দিকে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।

হুমায়ুন কবির বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। এ সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে এবং পূর্বসূরিদের রেখে যাওয়া ধারাবাহিকতা এগিয়ে নিতে অত্যন্ত আগ্রহী।

এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দারিদ্র্য বিমোচনে নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন হুমায়ুন কবির। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা।

এ ছাড়া বাংলাদেশ সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির বিষয়েও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। একই সঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top