সকল মেনু

নির্বাচনি পরীক্ষায় ৬ বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষার্থীর বাবা

যশোরের ঝিকরগাছায় ছেলের নির্বাচনি পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করেছে পুলিশ।

সম্প্রতি উপজেলার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত অভিভাবকের নাম ইউনুস আলী। তিনি ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। হামলার শিকার প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রধান শিক্ষক নিজের চেয়ারে বসে ছিলেন। এ সময় হঠাৎ কক্ষে প্রবেশ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁকে চড় মারতে শুরু করেন ইউনুস আলী। পরে অন্য শিক্ষকরা কক্ষে প্রবেশ করে তাঁকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের আরেক ব্যক্তিও সেখানে উপস্থিত হন। তাঁদেরও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ইউনুস আলীর ছেলে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না জানতে পেরে ক্ষুব্ধ হন তার বাবা। এরপর তিনি প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে হামলা চালান।

এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১১ জন শিক্ষক থানায় অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে পুলিশ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top