সকল মেনু

একনেকে ১৬ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর নিজ জেলা জয়পুরহাটের জন্য নেওয়া হয়েছে চারটি প্রকল্প। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি এবং অন্যান্য মন্ত্রণালয় ও কার্যালয়ের তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর নির্বাচনী এলাকা জয়পুরহাটের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে চারটি প্রকল্প নেওয়া হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি হলো ‘মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’। সার্ভিস লেনসহ মহাসড়কটি চার লেনে উন্নীত করতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৩৭ কোটি টাকা। চলতি বছরের নভেম্বর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া জয়পুরহাট সড়ক বিভাগের অধীন তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করতে ৪৭২ কোটি ৩৬ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের কথা রয়েছে।

জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনীতে ব্যয় ধরা হয়েছে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্পটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক অবকাঠামোর বেহাল দশার মধ্যে একটি নির্দিষ্ট জেলায় চারটি প্রকল্প অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রভাবশালী মন্ত্রী ও আমলাদের নিজ এলাকায় উন্নয়ন প্রকল্প নেওয়ার প্রবণতা নতুন নয়।

অতীতেও বিভিন্ন সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের নিজ এলাকায় একাধিক প্রকল্প অনুমোদনের নজির রয়েছে। এর মধ্যে সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নিজ জেলা কুমিল্লা এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নিজ জেলা সুনামগঞ্জে বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার পেয়েছিল। সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের নিজ জেলা মেহেরপুরেও একাধিক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।

জয়পুরহাটে একসঙ্গে চারটি প্রকল্প অনুমোদনের বিষয়ে বক্তব্য জানতে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো

একনেক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সিলেট বিভাগের চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায় এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মধ্যে রয়েছে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি, জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ, বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষা এবং ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সুরক্ষা প্রকল্প।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকায় কর্মকর্তাদের আবাসন সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় পরিকল্পনামন্ত্রী এর আগে অনুমোদন দেওয়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, মিরকাদিমে গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা এবং দেশের দুর্গম পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top