সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে তিনিও শুনেছেন এবং সংবাদমাধ্যমে খবর দেখেছেন। তবে আবেদনের সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে।
তিনি বলেন, আবেদনের আইনগত ভিত্তি আছে কি না, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার তাঁর রয়েছে কি না—এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিস্তারিত যাচাই করছে। আইনগত বিষয়গুলো পর্যালোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে বলা যায়, কোনো দণ্ডিত আসামি অন্য কোনো দেশে আশ্রয় নিলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠি পাঠানো হয়। এর মাধ্যমে ওই আসামিকে আইন অনুযায়ী দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
এদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন সময় বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করার চেষ্টা করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।