টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও অচলাবস্থার পর দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরেছে। মালিক ও শ্রমিক পক্ষের সম্মতি এবং সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধির আশ্বাসে স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরেছেন শ্রমিকরা। গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণ এবং দ্রুত তা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। মালিক ও শ্রমিক পক্ষের সম্মতি অনুযায়ী, ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর এবং জানুয়ারি মাস থেকে বর্ধিত বেতন পাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও জানুয়ারি মাসে বর্ধিত বেতন পাওয়ার নিশ্চয়তা দিয়েছেন।
শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলগুলোতে ফিরেছে চিরচেনা ব্যস্ততা। সকালে বিভিন্ন কারখানার প্রধান ফটকে শ্রমিকদের উপস্থিতি দেখা যায়। নির্ধারিত সময়ে কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করেন তারা। কারখানাগুলোর উৎপাদন কার্যক্রমও সচল রয়েছে। একই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, নবগঠিত নিম্নতম মজুরি বোর্ড ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। বোর্ডের একটি সভা হয়েছে এবং সোমবার দ্বিতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্রুততম সময়ে মজুরি পুনর্বিবেচনার কাজ শেষ করার জন্য সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
তারা শ্রমিকদের মজুরি বোর্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও ভাঙচুর জাতীয় অর্থনীতি, পোশাকশিল্প এবং শ্রমিকদের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন।
সাভার ও আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, বাইপাইল, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও শিমুলিয়া এলাকার পোশাক কারখানাগুলোতে উৎপাদন পুরোদমে শুরু হয়েছে। কারখানাগুলোর সুইং ও কাটিং বিভাগে স্বাভাবিকভাবে কাজ চলছে। রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলেও শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে।
আশুলিয়ার এক পোশাকশ্রমিক বলেন, আন্দোলন ও কাজ বন্ধ থাকলে শেষ পর্যন্ত শ্রমিকদেরই বেশি ভোগান্তিতে পড়তে হয়। পরিবার নিয়ে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়। তারা কারখানা চালু ও কর্মপরিবেশ শান্ত রাখার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করারও দাবি জানান।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, সাভারের শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে বেতন পরিশোধের ক্ষেত্রে আগামী ১০ তারিখ পর্যন্ত সময়টি গুরুত্বপূর্ণ। বিষয়টি প্রশাসন সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। মালিকদের নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার এলাকায় ১১ প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিকে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব সদস্য সাভার, আশুলিয়া, মিরপুর, নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকা এবং গাজীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে পোশাকশিল্প ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।
তিনি জানান, আশুলিয়া ও সাভার এলাকায় এ পর্যন্ত প্রায় ১৫টি মামলা হয়েছে এবং শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কেউ শ্রমিক নন; তারা সংকট সৃষ্টির সঙ্গে জড়িত।
এদিকে শিল্পাঞ্চলের মহাসড়ক, সংবেদনশীল পয়েন্ট ও কারখানার আশপাশে পুলিশ, র্যাব ও বিজিবির টহল জোরদার রয়েছে। সব মিলিয়ে কয়েক দিনের অস্থিরতা কাটিয়ে দেশের পোশাকশিল্পে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।