সকল মেনু

সালথায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিজভী আহমেদ সবুজ। এ সময় উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) শাখা ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, বিএনপি নেতা মুরাদুর রহমান মুরাদ, সাফিকুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) এর সদস্য ও সহকারী শিক্ষক মো. লুৎফর রহমান।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে সংগঠন ও সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। পাশাপাশি সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।

তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top