আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনল নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’। সুইজারল্যান্ডের ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের স্বীকৃতি পেয়েছে এটি। উৎসবের ‘ফিউচার ইজ সেনসিবল’ বিভাগে পুরস্কার জিতেছে সিরিজটি।
রোববার (৮ নভেম্বর) উৎসবের সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সিরিজটির নামভূমিকায় অভিনয় করা নাজিফা তুষি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সুখবর জানিয়েছেন।
পুরস্কার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তুষি বলেন, জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিউচার ইজ সেনসিবল’ বিভাগটি তাঁর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এ বিভাগে এমন গল্পকে স্বীকৃতি দেওয়া হয়, যেগুলো শুধু বিনোদন দেয় না; বরং মানবিক মূল্যবোধ তুলে ধরে, নানা প্রশ্নের জন্ম দেয় এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায়। এমন একটি বিভাগে ‘অ্যানি’র স্বীকৃতি পাওয়া তাঁর কাছে বিশেষ অনুভূতির।
সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরে তুষি জানান, অ্যানি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তাঁর জন্য ছিল গভীর ও ভিন্নধর্মী। একটা পর্যায়ে চরিত্রটিকে কেবল অভিনয়ের অংশ মনে হয়নি, বরং ধীরে ধীরে একজন বাস্তব মানুষ হিসেবে চিনতে শুরু করেছিলেন তিনি। চরিত্রটির নীরবতা, আবেগ, দুর্বলতা ও শক্তির জায়গাগুলো বুঝতে গিয়ে নিজের মধ্যেও নতুন কিছু আবিষ্কার করেছেন।
তুষির ভাষায়, অ্যানি তাঁকে এমনভাবে বদলে দিয়েছে, যার প্রভাব তিনি এখনো উপলব্ধি করছেন। একজন অভিনেতা হিসেবে চরিত্রের জন্য দেওয়া সময়, ধৈর্য ও আবেগের স্বীকৃতি পাওয়া তাঁর কাছে পুরো যাত্রাকে আরও সার্থক করে তুলেছে।
পুরস্কার জয়ে উৎসবের জুরি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তুষি। পাশাপাশি সিরিজটির নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি। অ্যানি চরিত্রটি দীর্ঘদিন তাঁর সঙ্গে থেকে যাবে বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী।
‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া আবদুল্লাহ মোহাম্মদ সাদ দীর্ঘ পাঁচ বছর পর নতুন কাজ নিয়ে ফিরছেন। গত জুনে ‘অ্যানি’ সিরিজের খবর প্রকাশ্যে আসে। সে সময় সিরিজটি জার্মানির বিখ্যাত ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এও জায়গা করে নেয়।
‘অ্যানি’তে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন ও ফারহানা মিঠুসহ অনেকে। সিরিজটি মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।