সকল মেনু

কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল শিক্ষিকাসহ ২ জনের

চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। এতে এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার তেমুহনী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসার প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদরাসার এক শিক্ষিকার স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।

পুলিশ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে শিক্ষা সফরের উদ্দেশ্যে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে একটি বাস সাতকানিয়ার তেমুহনী রেলক্রসিং এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে অপর বাসের যাত্রী, স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সাতকানিয়া থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

মাদরাসার সহকারী শিক্ষক আবদুর রহিম বলেন, শিক্ষা সফরে যাওয়ার পথে দুটি বাসের মধ্যে একটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে মাদরাসার একজন শিক্ষিকা ও একজন অতিথি নিহত হয়েছেন। তাঁরা বাসটির সামনের আসনে বসেছিলেন। ডোবার পানিতে বাসের কিছু অংশ ডুবে থাকায় শ্বাস নিতে না পেরে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম ঘুম ভাব থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top