সকল মেনু

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ

জাতীয় চার নেতার নামের পাশাপাশি ‘জয় বাংলা’ নামেও থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পুরোনো নামের পরিবর্তে জাহাজগুলোর নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র পাঠানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে পাঁচটি জাহাজের নতুন নাম অনুমোদনের কথা জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে জাহাজগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল।

মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, কোস্টগার্ডের ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি-২০৮) জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

এ ছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১) জাহাজের নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২) জাহাজের নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩) জাহাজের নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) জাহাজের নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top